Sunday, February 21, 2010

পোর্ক চপ / চিকেন ব্রেস্ট অমলেট

সময়: ১২-১৫ মিনিট।

যা যা লাগবে

  • হাড়হীন পোর্ক চপ / চিকেন ব্রেস্ট দু'টি: বাজার থেকে পাতলা স্লাইসের পোর্ক চপ কিংবা চিকেন ব্রেস্ট কিনে আনুন। বেশি পুরু হলে হবে না।
  • মুরগির ডিম, একটি-দু'টি
  • লবন, পরিমাণ মতো
  • গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো
  • পার্সলি গুঁড়া, পরিমাণ মতো
  • তেল, পরিমাণ মতো

প্রণালী

ফ্রাইংপ্যানে তেল ছেড়ে দিয়ে ১ মিনিট গরম করুন। এর মাঝে ডিমে পরিমাণ মতো লবন আর গোলমরিচ গুঁড়া দিয়ে ফেটে নিন। শুধু খেয়াল রাখবেন আমরা পোর্ক চপ কিংবা চিকেন ব্রেস্টে কিন্তু কোনো মশলা দেবো না।

তেল গরম হয়ে গেলে তাতে পাশাপাশি দু'টো পোর্ক চপ কিংবা চিকেন ব্রেস্ট ফেলে দিয়ে ভাজতে থাকুন। হোয়াইট মিট খুব দ্রুত রান্না হয়। তাই মোটামুটি ৩/৪ মিনিট পরে, যখন দেখবেন উপরের অংশের রঙ সাদাটে হয়ে এসেছে, তখন উলটে দিন। উলটে দেয়া অংশ ভাজতে আরো ৩/৪ মিনিট অপেক্ষা করুন।

এবার মাংসের উপর দিয়ে ফেটানো ডিম এমন ভাবে ছড়িয়ে দিন যেনো দু'টো স্লাইসই ডিমে ঢেকে যায়। ডিমের নিচের অংশ ভাজতে ১/২ মিনিট লাগবে। ভাজা হয়ে গেলে ডিম আর মাংস একসাথে উলটে দিয়ে উলটানো অংশও ভাজুন।

এবার পুরো অমলেট প্যানকেকের মতো একটানে প্লেটে তুলে নিন। উপর দিয়ে একটু পার্সলি গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যাস! হয়ে গেলো। খুব বেশি হলে হয়তো ১৫ মিনিট লাগবে।

পোর্ক চপ / চিকেন ব্রেস্ট অমলেট সাবড়াতে পারেন রুটির টোস্টে পুরু মাখন লাগিয়ে। সাথে কেচাপ, পিকলস, আর গ্রিন অলিভস নিলে তো কথাই নেই!

বিশেষ দ্রষ্টব্য

চর্বি বেশি বলে পোর্ক চপ তেলে ফেললেই দেখবেন খুব তেল ছিটাচ্ছে। তাই এপ্রোন পড়ে নিতে ভুলবেন না।

© অমিত আহমেদ

0 Comments: