Monday, March 2, 2009

সূচনা

রান্না জিনিসটার প্রতি আমার বিশেষ আগ্রহ আছে। একটু খেয়াল করে দেখেন, বলেছি "রান্না জিনিসটার প্রতি", "রান্না করার প্রতি" নয় কিন্তু! রান্না করতে আমার সব সময়ই চরম অনীহা।

নানান মশল্লা, শাক-সবজী-ফল, মাছ-মাংস, ডিম-দুধ-চিনি, ঘি-তেল-ডালডা, আটা-ময়দা-সুজি মিলিয়ে কিভাবে মা এতো সুস্বাদু খাবার রান্না করে ফেলেন সেটা নিয়ে একটা কৌতুহল সেই ছোটবেলা থেকেই ছিলো। তবে কখনো সেই কৌতুহল মেটানোর ইচ্ছে হয়নি। সব রহস্য সবার জানতে হবে এমন তো কোনো কথা নেই।

হুট করে বিদেশে চলে আসার পরে, অনেক সময় কাটিয়ে, ঠেকায় পড়ে রান্না শিখে ফেললাম। প্রাথমিক ভাবে সবই বৈদেশি। বৈদেশি খাবারেও পেট ভরে। রান্নাটাও দ্রুত ঝামেলাহীন ভাবে হয়ে যায়। তবু দেখি মাঝে মাঝে খুব দেশী খাবার খেতে ইচ্ছে করে। খুব আহামরি কিছুও নয়। সাদা ভাত, আলু ভর্তা, ঘন ডাল। কিংবা কেঁচকী মাছ, পালং শাক। দেখলাম এসব ছোট দৈনন্দিন দেশি রান্না নিয়েও আমার তেমন কোনো ধারণা নেই। মা'কে ফোনে ত্যক্ত করে, অনলাইনে গুতোগুতি করে, নানান শর্টকাটে ইদানিং বাঙালি রান্নাও সামান্য আয়ত্ত করেছি।

দেশি-বিদেশী মিলে শর্টকাট কিছু রান্নার রেসিপি দেবো এই ব্লগে। ছাত্র-ছাত্রী কিংবা সমগোত্রীয়, যাদের রান্নাঘরে বেশি জিনিস কখনোই থাকে না, স্বল্প সময়-কম ঝামেলায় রান্না করাই যাদের মোক্ষ, তাদের এই ব্লগটা কাজে লাগলেও লাগতে পারে। এখানে আগে থেকেই বলে নেই - আপনি যদি পাকা রাঁধুনি হন; কিংবা রান্নার স্বাদ, ঘ্রান, রঙ নিয়ে খুব বেশি খুঁত-খুঁতে হয়ে থাকেন, তবে এই ব্লগ আপনার জন্য নয়। আবার আপনি যদি রান্নাতে পুরো দস্তুর অশিক্ষিত হয়ে থাকেন তাহলেও এই ব্লগ আপনার জন্য নয়। লবন পরিমাণ মতো দিতে বললে সেই পরিমাণটা বুঝে নেবার মতো জ্ঞান অন্তত্য থাকতে হবে।

আমি নিজে রান্না করেছি, এবং কাছে স্বাদ ভালো লেগেছে, এমন রেসিপিই কেবল এখানে দেয়া হবে। প্রতিটি রেসিপির সাথে রান্না করা খাবাদের ছবিও দেয়া থাকবে।

ছবি ও রেসিপি কপি-পেস্ট করলে মেধাসত্ত্ব লঙ্ঘন করা হবে। যদি এখানে পোস্ট করা ছবি ও রেসিপি অন্য কোনো সাইটে কিংবা মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে প্রথমে আমাকে ইমেইল করে অনুমতি নিতে হবে। তবে রেসিপি দেখে আপনি নিজের মতো করে লিখে নিলে (ছবি ছাড়া) মেধাসত্ত্বের কোনো সমস্যা নেই।



আপডেট

বন্ধুরা অনেকেই টান্নাঘর নিয়ে বেশ উৎসাহ দেখালো। সবাই শিক্ষার্থী; ফলে আমার মতো তাদেরও কমবেশি রান্না নিয়ে হ্যাঁপার মধ্য দিয়ে যেতে হয়েছে। সবাই রান্না না, টান্নাতেই বেশি পারদর্শী। তাই টাঁধুনি বন্ধুদের নিয়ে ব্যক্তিগত ব্লগ "আমার টান্নাঘর" কে যৌথব্লগ "আমাদের টান্নাঘর"-এ রূপান্তরিত করা হলো।

শুভ টান্না!

© অমিত আহমেদ

0 মন্তব্য:

Post a Comment